প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল সোমবার ফলাফল প্রকাশ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্য পাঠ করেন।
প্রতিবছর ফল ঘোষণার দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন বোর্ডের চেয়ারম্যানরা। কিন্তু এবারে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর হাতে ফলাফল তুলে দেন। এরপর লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে পাস করা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের ধৈর্য সহকারে পুনরায় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, আমি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, একাগ্রতা, অধ্যবসায় এবং পরিশ্রম যে কোনো অসাধ্যকে সাধন করতে পারে। তোমরা যারা যে কোনো কারণেই হোক উত্তীর্ণ হতে পারনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে চেষ্টা করলে ভবিষ্যতে নিশ্চয়ই এ বাধা অতিক্রম করে ভালো ফল অর্জন করতে পারবে।
শেখ হাসিনা বলেন, যে সব শিক্ষার্থী ভালো ফল করেছ, তোমাদের এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরো ভালো ফল করতে হবে। তিনি বলেন, তোমরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। তোমাদেরকেই এদেশের জনগণ এবং বিশ্ববাসীর সেবায় নিয়োজিত হতে হবে। এজন্য জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি আয়ত্তের পাশাপাশি দেশপ্রেমিক এবং মানবিকতায় পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে হবে।
তিনি বলেন, আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আগামী প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর আমি সশরীরে উপস্থিত থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করি এবং তোমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। কিন্তু এ বছর লন্ডনে সফরে থাকার কারণে এ সুযোগ থেকে বঞ্চিত হলাম। এজন্য আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
শিক্ষা বিষয়ক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইনসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।