বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত শিবিরের ৪৩ জন গ্রেফতার
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২৩:১১
নোয়াখালী, নারায়ণগঞ্জ ও বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৪৩ জন বিএনপি ও জামায়াত শিবির কর্মীকে গ্রেফতার করেছে। আমাদের নোয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, নোয়াখালীর ৯টি থানা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৮ জন নেতা কর্মীকে গ্রেফতার করে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশিদ জানান, বিএনপি ও জামায়াত-শিবিরের গ্রেফতারকৃত কর্মীরা পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও বিভিন্ন সহিংস ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। একই সময় অপর ৮১ জন বিভিন্ন নিয়মিত মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও আড়াইহাজার উপজেলায় পৃথক অভিযানে ৪টি ককটেল ও বিপুল পরিমাণ জেহাদী বইসহ ৪ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সকালে পৃথকভাবে পুলিশের এ অভিযান চলে।
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা জানান, গত ২৮ ফেব্রুয়ারি গাইবান্ধার বামনডাঙ্গায় হরতাল চলাকালে পুলিশ হত্যা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার এজাহারভুক্ত আসামি খলিলুর রহমান ডেভিডকে (৪৫) গত বৃহস্পতিবার গভীর রাতে সোনাতলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামের মোঃ সামছুল হকের ছেলে।