ঝাড়খন্ডে মাওবাদীদের হাতে ৫ পুলিশ নিহত

ভারতের ঝাড়খন্ড রাজ্যে পুলিশের পাঁচ সদস্যকে হত্যা করেছে মাওবাদী বিদ্রোহীরা। বৃহস্পতিবার রাজ্যের গুমলা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে পুলিশের টহল দলের ওপর মাওবাদীরা হামলা চালালে এ ঘটনা ঘটে। হামলায় এক পুলিশ সদস্য আহত হন। খবর টাইমস অব ইন্ডিয়ার। পুলিশের একটি গাড়িতে ড্রাইভারসহ ছয়জন সদস্য গুমলা শহরের একটি বাসস্ট্যান্ড থেকে চৈনপুর পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিলেন। দুপুরের দিকে ১৫ থেকে ২০ জন মাওবাদী বিদ্রোহী তাদের লক্ষ্য করে একে-৪৭ রাইফেল দিয়ে গুলিবর্ষণ করে। পুলিশের পরিদর্শক টি এন সিং জানিয়েছেন, পুলিশ স্টেশন থেকে অতিরিক্ত পুলিশ যায় এবং তাদের সঙ্গে বিদ্রোহীদের ১৫ মিনিটের মতো বন্দুকযুদ্ধ হয়। তিনি জানান, তিন বিদ্রোহী গুলিবিদ্ধ হয়েছে। হামলাকারীরা পালিয়ে যায়।