ভূঞাপুরের বাজারে ককটেল বিস্ফোরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২৩:১৬
ভূঞাপুরের পাথাইলকান্দি বাজারের একটি পরিত্যক্ত ঘরে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬-২০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কাসেম ও তার স্ত্রীকে আটক ও দুটি ককটেল উদ্ধার করে। এদের বাড়ি গাইবান্ধা জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাথাইলকান্দি বাজারে শুক্রবার সন্ধ্যায় একটি পরিত্যক্ত ঘরে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় আতঙ্কে বাজারের লোকজন ছুটাছুটি করতে থাকে। ভূঞাপুর ও বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২টি ককটেল উদ্ধার করে। ককটেল রাখার দায়ে কাসেম ও তার স্ত্রীকে আটক করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় রাখা হয়েছে। সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, ভয়ভীতি ও নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। কাসেমের কাছ থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। কাসেম ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে।