পাঁচবিবিতে ট্রেনে পুলিশের বগি থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার

জয়পুরহাটে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা গতকাল শুক্রবার পাঁচবিবি রেল স্টেশনে খুলনাগামী মেইল ট্রেনে তল্লাশী চালিয়ে রেল পুলিশের বগি থেকে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন উদ্ধার করে। এ সময় তারা কোন আসামি আটক করতে পারেনি। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা হয়েছে। জয়পুরহাট-৩ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাব্বির আহাম্মেদ জানান, পার্বতীপুর থেকে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে পাঁচবিবি রেল স্টেশনে গতকাল সকালে বিজিবি’র সদস্যরা তল্লাশী চালায়। এ সময় তারা রেল পুলিশের বগির টয়লেট থেকে এক কেজি হেরোইন উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।