ভারতে ইতালির দুই নৌ-সেনার বিরুদ্ধে হত্যা মামলা
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২৩:১৯
ভারতে ইতালির দুই নৌ সেনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা তাদের দুই মত্স্যজীবীকে হত্যার অভিযোগে এই মামলা দায়ের করেছে। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত সংস্থার কাছে দুই মত্স্যজীবী হত্যা মামলা হস্তান্তর করে। গতকাল তদন্ত সংস্থা বিশেষ আদালতে এফআইআর দায়ের করে। মামলায় ইতালির নাগরিক ম্যাচ্ছিমিলিয়ানো লাত্তোর এবং স্যালভাটোর গ্রিনোকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে তদন্ত সংস্থা বলেছে, গত বছরের ১৫ ফেব্রুয়ারি আরব সাগরের কেরালা উপকূলে এনরিকা লেক্সি নামে ইতালির একটি জাহাজ থেকে দুই নৌ সেনা ভারতীয় নাগরিক ও মত্স্যজীবী জিলাস্তিন এবং পিংকুকে গুলি করে হত্যা করে। সংস্থাটি এখন প্রথম থেকে মামলার তদন্ত করবে। এরপর মামলার তদন্ত প্রতিবেদন যে কোনো সময় সংস্থার বিশেষ আদালতে কিংবা সরকার কর্তৃক এই মামলার বিচার পরিচালনায় গঠিত বিশেষ আদালতে উপস্থাপন করবে। সুপ্রিম কোর্ট এই মামলার দ্রুত বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে।