সাগরে ভূমি পুনরুদ্ধারে প্রযুক্তিগত সহায়তায় আগ্রহী নেদারল্যান্ড

বঙ্গোপসাগরে ভূমি পুনরুদ্ধারে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ড। এছাড়া গভীর সমুদ্রবন্দর নির্মাণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস ও কয়লাভিত্তিক দক্ষ জ্বালানি উত্পাদনখাতে নেদারল্যান্ড বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত খেরবেন সুরড ডা ইয়াং বৃহস্পতিবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে আয়োজিত বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জি এম জয়নাল আবেদীন ভূঁইয়াসহ মন্ত্রণালয় ও বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ড দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে নেদারল্যান্ডের সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নেদারল্যান্ডের হাইটেক শিল্প স্থানান্তর, মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সহায়তাসহ অন্যান্য বিষয়ে আলোচনায় স্থান পায়। বৈঠকে রাষ্ট্রদূত বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ড ইতিমধ্যে বিশ্বমানের কার্যকর প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর সফল প্রয়োগ করে বাংলাদেশ লাভবান হতে পারে। এর মাধ্যমে জনবহুল বাংলাদেশে ভূমির স্বল্পতাজনিত সমস্যা মোকাবিলা সম্ভব হবে। তিনি উন্নত প্রযুক্তি ব্যবহার করে কয়লাভিত্তিক বিদ্যুত্ উত্পাদনের মাধ্যমে বাংলাদেশ শিল্পখাতে ভবিষ্যতের জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলার উদ্যোগ নিতে পারে বলে তিনি মন্তব্য করেন। শিল্পমন্ত্রী বলেন, জনবহুল বাংলাদেশে শিল্পায়নের জন্য ভূমির স্বল্পতা রয়েছে। নেদারল্যান্ডের বিশ্বখ্যাত ভূমি পুনরুদ্ধার প্রযুক্তি প্রয়োগ করে বঙ্গোপসাগরে শিল্পায়নের জন্য নতুন জায়গা খুঁজে পাওয়া সম্ভব। তিনি এ লক্ষ্যে নেদারল্যান্ডের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রস্তাবকে স্বাগত জানান।