চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় ফারাহ রুমা

ছোটপর্দার অভিনয়শিল্পীরা এখন চলচ্চিত্রে ঝুঁকছেন। বিষয়টা এখন পুরোনো। দর্শকদের কাছেও ডাল-ভাতের মতোই খবর। তবে এখন সকলেই অপেক্ষায় আছেন কে উঠে আসেন সাফল্যের সিঁড়ি বেয়ে। লাক্স তারকা ফারাহ রুমা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন চলচ্চিত্রে নিজের ক্যারিয়ারটি গড়তে চান। কিন্তু এখনও অবধি তার অভিনীত ছবিটি রিলিজ হয়নি। খুব জলদিই মুক্তি পাবে তার ‘পুত্র যখন পয়সাওয়ালা’ চলচ্চিত্রটি। মূলত এই চলচ্চিত্রের সাফল্য-ব্যর্থতার ওপরই নির্ভর করছে ফারাহ রুমার আগামী দিনের চলচ্চিত্রের ক্যারিয়ার। নিজের চলচ্চিত্রের সম্ভাবনা নিয়ে তিনি বিনোদন প্রতিদিনকে বলেন, ‘খুবই টেনশনে আছি। প্রতিদিনই চলচ্চিত্রটা নিয়ে ভাবি। দর্শকেরা কীভাবে নেবে। আসলে এখন তরুণ নির্মাতাদের নতুন একটি জাগরণ তৈরি হয়েছে এ কারণেই চলচ্চিত্রের প্রতি নিজের আস্থার জায়গাটিও বেড়েছে।’ তবে এর বাইরে ফারাহ রুমা দীর্ঘদিন ধরেই এনটিভির ‘আমারও গাইতে ইচ্ছে হলো’ অনুষ্ঠানটির সঞ্চালনা করছেন। রুমা বলেন, ‘এই অনুষ্ঠানটি আমার কাছে নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। আমি কখনোই উপস্থাপনায় নিজেকে ব্যস্ত রাখতে চাইনি। এটা নিতান্তই শখের জায়গা।’ এদিকে অনেক জুনিয়র তারকা বা নিজের অনুজপ্রতিম কলিগরাও যখন বিয়ের বাদ্যি বাজিয়ে নতুন জীবনে প্রবেশ করছেন, তখন ফারুাহ রুমা তার নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘আমার হবু বর দেশের বাইরে থাকে। পারিবারিকভাবেই সবকিছু হচ্ছে। তাই এটা শুধু সময়ের অপেক্ষা।’