১৮ এপ্রিল আত্মসমর্পণ করবেন সঞ্জয় দত্ত
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ১৯:২৭
যেদিন সঞ্জয় দত্ত সাড়ে তিন বছর জেলের রায় শুনেছেন তার পর থেকেই মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন তিনি। তার কয়েকদিন পর সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় সঞ্জয় দত্ত বলেছেন সুপ্রিম কোর্টের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি আত্মসমর্পণ করবেন। এবার সঞ্জয় দত্ত জানালেন তার আত্মসমর্পণের তারিখটি। আগামী ১৮ এপ্রিল তিনি আত্মসমর্পণ করবেন। তাই আগামী ১৭ এপ্রিলের মধ্যে নিজের যাবতীয় কাজগুলো শেষ করছেন তিনি। এরইমধ্যে রাজকুমার হিরানীর ‘পিকে’ ছবির শুটিং শেষ করে ফেলেছেন। আগামী ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই ছবির ডাবিংয়ে অংশ নিবেন সঞ্জয় দত্ত। এখন তিনি ‘পুলিশগিরি’ চলচ্চিত্রের শুটিংয়ে সময় দিচ্ছেন। কয়েকদিনের মধ্যে এর ডাবিংয়ের কাজটিও শেষ করবেন তিনি। ‘জাঞ্জির’ ছবির কাজও শেষ করে ফেলেছেন সঞ্জয় দত্ত। এই ছবিতে শের খানের চরিত্রে অভিনয় করছেন তিনি। শুধু তাই নয়, করণ জোহরের ‘উঙ্গলি’ ছবির কাজও অনেকখানি করে ফেলেছেন তিনি। আর এতসব চলচ্চিত্রের কাজ এই অল্প সময়ের মধ্যে শেষ করতে গিয়ে দৈনিক ২০ ঘণ্টা পরিশ্রম করতে হচ্ছে তাকে। ঘুমসহ ব্যক্তিগত কাজের জন্য প্রতিদিন ৪ ঘণ্টা সময় পাচ্ছেন তিনি। তারপরও সময় করতে না পারায় ‘ঘনচক্কর’ ছবির চুক্তি বাতিল করেন তিনি। ‘মুন্নাভাই’-এর তৃতীয় সিক্যুয়ালের কাজটিও স্থগিত করে দেন তিনি।