বাংলাদেশ পুলিশের শীর্ষ নারী কর্মকর্তা ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজি) রৌশন আরা বেগম (৫৭) কঙ্গোর রাজধানী কিনসাসায় এক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ ইউনিট সদস্যদের মেডেল প্যারেডে অংশ নিতে তিনি কঙ্গো গিয়েছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এসপি (কমান্ডার) ফারজানাসহ দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।
পারিবারিক সূত্র জানায়, স্বামী ব্যবসায়ী শফিকুল আলম চৌধুরী, একমাত্র কন্যা মুনাহা চৌধুরী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। রৌশন আরা বেগম কঙ্গো যাবার দুইদিন আগে শফিকুল আলম চৌধুরী অসুস্থ মেয়ে মুনাহাকে নিয়ে সিঙ্গাপুরে যান। সেদিন বাবা মেয়েকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানিয়েছিলেন রৌশন আরা বেগম।
এআইজি সোহেল রানা জানান, দেশটির কিনসাসায় রবিবার সন্ধ্যায় তাকে বহনকারী জিপকে ধাক্কা দেয় একটি লরি। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর আরোহীর মধ্যে ব্যানএফপিইড-১ এর কমান্ডার (পুলিশ সুপার) ফারজানা ইসলাম এবং গাড়ির চালককে হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সম্পর্কে আইজিপি ব্যক্তিগতভাবে কঙ্গো মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। তিনি সার্বক্ষণিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। রৌশন আরা বেগমের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
রৌশন আরা বেগম বিসিএস ৭ম ব্যাচে উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ ক্যাডারে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত মুন্সিগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক শোকবার্তায় কঙ্গোতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জাতীয় পার্টি-জেপির শোক
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার আকস্মিক মৃত্যু জনগণের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার এই অবদান জাতি ও বিশ্ববাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহত অন্যদের সুচিকিত্সা ও দ্রুত আরোগ্য কামনা করেন।
আইজিপির শোক
রৌশন আরা বেগমের মৃত্যুতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় বলেন, তিনি একজন পেশাদার, কর্তব্যনিষ্ঠ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁর বন্ধুসুলভ মনোভাবের জন্য তিনি কর্মস্থলে সকলের অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। আইজিপি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।