কলকাতায় আজ বাসুদেবকে সংবর্ধনা

এ দেশে সংগীত পরিচালকের সংখ্যা অগণিত থাকলেও ক্লাসিক্যাল জানা সংগীত পরিচালকের সংখ্যা একেবারেই হাতে গোনা। সেদিক বিচারে আমাদের দেশের গুণী সংগীত পরিচালকের একজন বাসুদেব ঘোষ। আধুনিক গানের একাধিক অ্যালবামের পাশাপাশি সংগীত পরিচালক বাসুদেব এবারে আড়াইশত দেশাত্ববোধক গানের এক ব্যতিক্রমী সংকলন তৈরির পরিকল্পনা নিয়েছেন। তবে গুণী এই সংগীত পরিচালকের সামগ্রিক কাজের মূল্যায়নে এবারে তিনি কলকাতা থেকে সংবর্ধনা পাচ্ছেন আজ। সংগীতে বিশেষ অবদানের জন্য সংবর্ধনা দিতে যাচ্ছে কলকাতার এআর মিউজিক । আজ কলকাতার বারাসাত যশোর রোডে, রবীন্দ্র ভবনে সংগীত গুরুর সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হবে । ব্যতিক্রমী এই অর্জন প্রসঙ্গে বাসুদেব ইমেইলে বিনোদন প্রতিদিনকে জানান, ‘এটা সত্যিই আনন্দের। যেকোনো কাজের স্বীকৃতি পাওয়ায় অনেক উপভোগের। আমি আজীবন গান করেছি, নিজের অন্তর্যাত্রা থেকে। প্রচলিত হিটের দৌড়ে কখনও ছিলাম না থাকবোও না। তারা যে আমার কাজের মূল্যায়ন করেছেন এতেই আমি কৃতজ্ঞ। উল্লেখ্য, ‘তোমার ওই মনটাকে’, ‘আমি খুঁজে বেড়াই আমার মা’কে’, ‘দেহ মাদল’সহ বিভিন্ন জনপ্রিয় গানের সুর স্রস্টা বাসু।