বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা গভীর সংকটাপন্ন। তিনি চতুর্থবারের মতো হার্ট অ্যাটাক করেছেন। শনিবার, রবিবার সকালের পর গতকাল সোমবারও তিনি আরেকবার হার্ট অ্যাটাক করেছেন। এর আগে, ১৪ এপ্রিল তার প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল।
এদিকে, রবিবার সুবীর নন্দীর হার্টে চারটা স্টেন্ট পরানো হয়েছে। বাংলাদেশে সুবীর নন্দীর চিকিত্সার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন তিনি। তিনি জানান, ‘বাংলাদেশে একবার ও সিঙ্গাপুরে তিনবার সব মিলিয়ে চারবার হার্ট অ্যাটাক করল সুবীর নন্দী। তার অর্গানগুলো ফেইল করছে। অবস্থা বেশ জটিল। পরপর তিনদিন হার্ট অ্যাটাক হওয়াটা খুব উদ্বেগের বিষয়। সুবীরের অবস্থা খুব জটিল এবং সত্যিই সংকটাপন্ন। চিকিত্সকেরা চেষ্টা করে চলছেন, দেখা যাক কি হয়।’উন্নত চিকিত্সার জন্য ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিত্সাধীন তিনি।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬ দিন চিকিত্সার পর সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেওয়া হয়।
বরেণ্য এই শিল্পীকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১২ এপ্রিল সুবীর নন্দী পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ১৪ এপ্রিল ঢাকায় ফেরার পথে তিনি অসুস্থ হলে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে লাইফ সাপোর্ট দেওয়া হয়।