নালিতাবাড়ীর কবর থেকে ৪ কঙ্কাল চুরি
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২০:৫৩
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিভৃত পল্লী গেরামারা গ্রামের একটি কবরস্থান থেকে ২৬ দিনের ব্যবধানে ৪ ব্যক্তির কঙ্কাল চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। গভীর রাতের কোন এক সময় এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
গত শুক্রবার স্থানীয় লোকজন কবরস্থানের মাটি খোঁড়া দেখে লাশের কঙ্কাল চুরি যাওয়ার বিষয়টি স্বজনদের জানায়।
বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময় সংঘবদ্ধ চক্র কবরস্থান থেকে জামিনা খাতুন (৮০) ও আমেনা খাতুন (৭০) নামের লাশ তুলে নিয়ে যায়। গত ২৬ দিন আগে এই কবরস্থান থেকে মহেজ আলী ও আব্দুর রশিদ নামের মৃত অপর দুই বৃদ্ধার কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।