অগ্রগতি নেই ইরানের সাথে ছয় বিশ্বশক্তির পরমাণু আলোচনায়

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে বিশ্বের ছয়টি বৃহত্ শক্তির আলোচনা দ্বিতীয় ও চূড়ান্ত দিনে গড়ালেও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ভবিষ্যতে আরো আলোচনা চালিয়ে যাওয়ার সদিচ্ছা নিয়েই এবারের মতো বৈঠক শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকাল ১০টা থেকে কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাতিতে চূড়ান্ত দিনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আগের দিন শুক্রবার সকাল ১০টা থেকে দু’দিনের এ আলোচনা শুরু হয়। ইরানের সবচেয়ে স্পর্শকাতর পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের বিনিময়ে পশ্চিমাশক্তিগুলোর দেয়া অর্থনৈতিক অবরোধ আংশিক শিথিল করার প্রস্তাবের প্রতিক্রিয়া শুক্রবার জানিয়েছে ইরান। প্রতিক্রিয়ায় নিজস্ব এক প্রস্তাব হাজির করেছে দেশটি। এতে পশ্চিমা কূটনীতিকরা হতভম্ব হয়ে পড়েছেন আর ইরানি এই প্রস্তাবে উত্তরের চেয়ে আরো বেশি প্রশ্নের উত্পত্তি হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। কূটনীতিক আলোচনা ভেঙে যাওয়ার অর্থ যুদ্ধের দিকে আরেক ধাপ অগ্রসর হওয়া, অংশগ্রহণকারী পক্ষগুলোর এটি জানা থাকায় কেউ কূটনৈতিক প্রচেষ্টা বাতিল করার কথা উচ্চারণও করছেন না। তবে একটি কার্যকরী চুক্তির সম্ভাবনা আগের মতো যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে, এটি সবাই বুঝতে পারছেন। শুক্রবার টানা পাঁচ ঘণ্টার আলোচনা শেষে পশ্চিমা এক কূটনীতিক বলেন, “আমরা অর্থপূর্ণ আলোচনা করেছি। কিন্তু দু’পক্ষের মধ্যে এখনও বিস্তর ব্যবধান রয়ে গেছে। এখান থেকে কিভাবে এগিয়ে যাওয়া যায় তাই বিবেচনা করে দেখছি আমরা।” আসছে ১৪ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন।