মা-মেয়েসহ তিন নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে সাভারে ভণ্ডপির গ্রেফতার

ঢাকার সাভার থানার আশুলিয়ায় মা-মেয়েসহ তিন নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে এক ভণ্ডপীরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নাটোরের বড়াইগ্রামে তরুণী ও পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দুই সন্তানের জননীকে দা দিয়ে কুপিয়েছে ভাসুর। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

স্টাফ রিপোর্টার, সাভার: মা-মেয়ে ও খালাসহ একই পরিবারের তিন নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে ভণ্ডপীর মো. মনির হোসেনকে রবিবার রাতে আশুলিয়ার কুড়গাঁও আমতলা এলাকার একটি আস্তানা থেকে গ্রেফতার করে পুলিশ। গতকাল সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত মনির হোসেন ওই এলাকার সূর্য ভিলার মালিক মৃত (অব) সার্জেন্ট আ রহিমের ছেলে। সে নিজেকে পীর পরিচয় দিয়ে কতিপয় দালালের মাধ্যমে বিভিন্ন বয়সের নারী ও পুরুষকে মুরীদ বানিয়ে মাদক ব্যবসাসহ অসামাজিক কাজে লিপ্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী ভণ্ডপীর মনির হোসেনের মুরীদ হন। একপর্যায়ে ওই নারীকে ফুঁসলিয়ে এবং ধর্মের নানা অপব্যাখ্যা দিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করে। এরই মধ্যে ভণ্ডপীরের নজর পড়ে ওই নারীর ছোট বোনের ওপর। পরে বড় বোনকে ব্যবহার করে একই কায়দায় ছোট বোনকেও মুরীদ বানিয়ে নিয়মিত ধর্ষণ করে আসছিল ভণ্ডপীর মনির। পরে বড় বোনের ১৪ বছরের কিশোরী মেয়েকেও নানা কৌশলে বুঝিয়ে একই কায়দায় ধর্ষণ করতে থাকে। সর্বশেষ গত ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ওই কিশোরীকে আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণ করে ভণ্ডপীর ও তার লোকজন। এঘটনায় রবিবার সকালে ভুক্তভোগী কিশোরীর খালা কৌশলে পীরের আস্তানা থেকে পালিয়ে থানায় এসে মনির হোসেনকে প্রধান আসামি করে মকবুল ও হাসনাতসহ অজ্ঞাতনামা আরো দুইজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ভণ্ডপীরের আস্তানায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতার ও পীরের আস্তানা থেকে ভুক্তভোগী ওই তিন নারীকে উদ্ধার করে। গতকাল সোমবার সকালে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়াইগ্রাম (নাটোর): বড়াইগ্রামে কাজের কথা বলে ডেকে নিয়ে গিয়ে এক তরুণীকে (৩২) ধর্ষণের ঘটনায় সোমবার পুলিশ আকুল হোসেন নামের একজনকে আটক করে। আটক আকুল উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। জানা যায়, আকুল হোসেনের বাড়িতে ওই তরুণীর মা গৃহকর্মীর কাজ করে। রবিবার সে তার মায়ের কাছে বেড়াতে আসে। রাতে আকুল হোসেন তাকে একটি কাজ করে দেবার কথা বলে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে তাকে পাশের কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত আকুল হোসেনকে আটক করে।

পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলার নয়াভাংগুনি গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার রাতে শিশুটির দাদি বাদী হয়ে ফুলখালী গ্রামের হাসান ফকির (৩৫) নামের একজনকে আসামি করে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন। সে সম্পর্কে শিশুটির চাচতো ভগ্নিপতি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জগন্নাথপুর (সুনামগঞ্জ): কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দুই সন্তানের জননীকে দা দিয়ে কুপিয়েছে ভাসুর। সোমবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে ঘটনাটি ঘটে। আহতের স্বামী জানান, তার বড় ভাই নওশাদ মিয়া দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল। সোমবার দুপুরে বাড়িতে না থাকার সুযোগে সে আবারো কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তার স্ত্রীকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।