রৌমারীতে নির্যাতন করে ব্যবসায়ী হত্যা, ২ জন গ্রেফতার

সন্ত্রাসীরা রৌমারীতে জসিমউদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ীকে অমানুষিক নির্যাতন করে হত্যা করে হাতপা বেঁধে তার বাড়ির অল্প দূরেই পরিত্যক্ত এক ডোবায় ফেলে রাখে। সকালে গ্রামবাসীরা হাতপা বাঁধা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটেছে উপজেলার জন্দিরকান্দা গ্রামে। এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে রবিউল ইসলাম (৪০) ও দবিরুল ইসলাম (৩০) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। হত্যাকাণ্ডের সঠিক কোনো কারণ জানা না গেলেও ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগে জানা গেছে। পুলিশ ওই সূত্র ধরে তদন্তে নামছে।