ভুঞাপুরে মন্দিরে আগুনের ঘটনায় যুবলীগ নেতাকে আসামি করে মামলা
অভিজিত্ ঘোষ, ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২২:০৬
ভূঞাপুরের ফলদায় ১ এপ্রিল রাতে ফলদা কেন্দ্রীয় সর্বজনীন কালিমন্দিরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের দক্ষিণহস্ত হিসেবে পরিচিত তাহেরুল ইসলাম তোতাকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে ভূঞাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। কালিমন্দির কমিটির সভাপতি ও ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরণ দত্ত বাদী হয়ে মন্দির কমিটির পক্ষে এ মামলাটি করেন। মামলার অপর ১১ আসামির সকলেই স্থানীয় বিএনপির নেতা ও কর্মী। মামলার অন্য আসামিরা হচ্ছেন স্থানীয় বিএনপির নাজমুল সরকার (৩৩), মো. আব্দুল হান্নান (৪১), এরশাদ আলী (৩২), হারুন অর রশিদ (৩৬), আনিছুর রহমান জাম্বু (২৪), আব্দুল মালেক (৩২), মো. শাহ আলম (২৫), মো. আসাদ সরকার (২২), মো. নাঈম (২২), মিজানুর রহমান অন্তু (৩৪), মো. বেলাল হোসেন (৩০)। মামলায় আরো ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় ৬০ লাখ টাকার আর্থিক ক্ষতির বিষয় উল্লেখ করা হয়েছে।
এদিকে কালিমন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় ১১ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির প্রথম সারির এক নেতা বলেন, কালিমন্দিরে অগ্নিসংযোগের ২ দিন পর স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান মন্দির পরিদর্শন করেন। এ সময় স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ শত শত মানুষের উপস্থিতিতে তার কাছে অগ্নিসংযোগের সাথে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিষয়ে অভিযোগ করেন।