তাহিরপুর সীমান্তে দুই ধর্মের অনুসারীদের মিলনমেলা শুরু আজ

সাতশ’ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী গঙ্গাস্নান যাত্রা ও ওরস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত নদী যাদুকাটার তীরে মুসলিম ও সনাতন ধর্মের অনুসারীদের মিলনমেলা বসছে আজ। পাঁচ দিনের এই অনুষ্ঠান আজ শুরু হয়ে শেষ হবে আগামী ১০ এপ্রিল। এ উপলক্ষে উভয় ধর্মের লোকজন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। স্থানীয় আখড়া বাড়ী উত্সব কমিটি ও ইস্কন সূত্রে জানা যায়, শ্রী শ্রী অদ্বৈত্য মহাপ্রভুর রাজারগাঁও নবগ্রাম আখড়াবাড়ী সংলগ্ন পুণ্যতীর্থ ধামে গত সাতশ’ বছর ধরে গঙ্গাস্নান যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এ উত্সবকে কেন্দ নাটক, গঙ্গাপূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অন্যদিকে উপজেলার ওপারে মেঘালয়ের গারো-খাসিয়া পাহাড়ের পাদদেশে হযরত শাহ্জালাল (র.) এর অন্যতম সফরসঙ্গী হযরত শাহ্ আরেফিন (র.) এর আস্তানায় ওরস মোবারক শুরু হবে আজ। ১০ এপ্রিল সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরস সমাপ্ত হবে। ওরস ও গঙ্গাস্নান যাত্রা উত্সব ঘিরে এখানে দেশ-বিদেশের ৪ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ৭শ’ ৯ বছরের প্রাচীন এই মিলনমেলা শান্তিপূর্ণ করার জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উত্সবস্থলে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর ৪টি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম।