রাজশাহী মহানগর শিবিরের অফিস সম্পাদক নিখোঁজ

রাজশাহী মহানগর ছাত্র শিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুম নিখোঁজ বলে পরিবার দাবি করেছে। গতকাল শনিবার বিকালে পরিবারের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তার মা নূরজাহান বেগম দাবি করেন, গত ৪ এপ্রিল মধ্যরাতে মেডিক্যাল বন্ধ গেট এলাকার বাড়ি থেকে র্যাব তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে মাসুমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে শিবির নেতা মাসুমকে আটকের বিষয়ে পরিবারের দাবি অস্বীকার করেছে র্যাব। র্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং-এর দায়িত্বরত সহকারী পুলিশ সুপার শম্পা ইয়াসমিন সাংবাদিকদের জানান, আনোয়ারুল ইসলাম মাসুম নামে কাউকে র্যাব সদস্যরা আটক করেনি। লিখিত বক্তব্যে নূরজাহান বেগমের দাবি, ওই রাতে মাসুমকে নিয়ে র্যাব নগরীর বিভিন্ন এলাকায় অভিযানও চালায়। এরপর থেকেই মাসুম নিখোঁজ। তাকে কোনো থানায় এমনকি পরিবারের কাছেও হস্তান্তর করা হয়নি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে র্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে মাসুমকে আটকের কথা অস্বীকার করা হয়। মাসুমকে নিয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে অবিলম্বে আদালতে সোপর্দের দাবি জানান। সংবাদ সম্মেলনে নিখোঁজ মাসুমের বোন মোর্শেদা পারভীন পলি, ভাবী নাসিমা পারভীন সীমা, চাচী ফেরদৌস শামিম মৌলি ও ছোট ভাই মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।