হেফাজতের লংমার্চে বিএনপির সংহতি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২২:৪৩
হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচিতে বিএনপি, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি সংহতি জানিয়েছে। মতিঝিলে হেফাজতের সমাবেশ চলাকালীন নেতারা এসে সংহতি জানান। বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সমাবেশ স্থলে আসেন। খেলাফত মজলিসের আমীর আহমদ শফী মঞ্চে আসার কিছুক্ষণ পর বিকাল তিনটার দিকে বিএনপির এই দুই নেতা সমাবেশ স্থলে আসেন। কিছুক্ষণ সেখানে অবস্থান করে তারা আবার চলে যান। হেফাজতের নেতা-কর্মীরা তাদেরকে স্বাগত জানান। তারা সমাবেশে কোনো বক্তব্য রাখেননি। খেলাফত মজলিসের কর্মসূচিকে সমর্থন করে সমাবেশ স্থলে সংহতি জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক।
এদিকে এসেছেন অনেক সাধারণ মানুষও। অনেকে ভ্যানে করে খাবার পানি এনেছেন। অনেকে পাউরুটি কিম্বা বিস্কিট এনে বিলি করেছেন।
সমাবেশ চলাকালে দুপুরের দিকে হেফাজতের এক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে আপত্তিকর শ্লোগান দিলে সমাবেশে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঐ নেতা তার শ্লোগান প্রত্যাহার করে নেন।