চট্টগ্রাম ভার্সিটি প্রীতিলতা হলে গভীর রাতে তরুণ আটক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২২:৪৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রীতিলতা ছাত্রী হলে গভীর রাতে বহিরাগত এক তরুণকে আটক করা হয়েছে। তার নাম নূরুল হুদা (২২)। শনিবার রাত ২টার দিকে প্রীতিলতা হলে এ ঘটনা ঘটে।
প্রীতিলতা হলের ১২৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্রী রুম্পা ভট্টাচার্য জানান, রাত দেড়টার দিকে জানালার পাশে একটি ছেলেকে দেখে চিত্কার করে দারোয়ানকে ডাকেন। দারোয়ানসহ নিরাপত্তা কর্মীরা এসে ছেলেটিকে ধরে হলের টেলিফোন বুথে আটকে রাখে। বিষয়টি হল প্রভোস্টকে জানানো হলে তিনি এসে নূরুল হুদাকে পুলিশে সোপর্দ করেন।
প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, হলের পিছনদিকে দেয়ালের উপরে কাঁটাতার ছেঁড়া থাকায় সেখান দিয়ে সে ঢুকতে পারে। নূরুল হুদা বলেন, সে হলের ডাইনিংয়ে ভাত খেতে ঢুকেছে। তবে হলের ছাত্রীরা দাবি করেছে, নাশকতামূলক কোনো কাজের উদ্দেশ্যে সে হলে ঢুকেছে। হলের সকল ছাত্রী প্রভোস্টের কাছে নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।