রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নাটোরে আজ জামায়াত শিবিরের হরতাল
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২৩:০০
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত-শিবির। জামায়াতের রাজশাহী মহানগর কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও অফিস সম্পাদকসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়েছে বলে জামায়াত-শিবিরের পৃথক বিবৃতিতে বলা হয়েছে। তবে রবিবারের এইচ.এস.সি ও আলীম পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে জামায়াতের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ ও র্যাব যৌথ অভিযানে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ তিন জামায়াত-শিবির নেতাকে গ্রেফতার করে।
জামায়াত-শিবিরের আজকের হরতালে নৈতিক সমর্থন দিয়েছে রাজশাহী মহানগর বিএনপি। গতকাল শনিবার সকালে মালোপাড়া দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান মিনু দলের পক্ষে রবিবারের হরতালে সমর্থন ঘোষণা করে বলেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। সরকার বেসামাল হয়ে পড়েছে। এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সনকে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে গুলশান কার্যালয়ে আওয়ামী সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে। এর পরিণতি শুভ হবে না। বিএনপি সময়মত দাঁতভাঙ্গা জবাব দেবে। তিনি আটক বিএনপি ও জামায়াতসহ ১৮ দলীয় জোটের সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবি জানান। বিএনপির কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম দুলাল, মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।