সিরাজদিখানের বাগবাড়িবাসী রাস্তা ও ব্রিজের অভাবে বন্দি
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২০:৪৭
সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা বাগবাড়ি এলাকাবাসী ব্রিজ ও রাস্তার অভাবে বন্দী জীবনযাপন করছে। বর্তমানে এলাকাবাসীর যাতায়াতের জন্য যে বাঁশের সাঁকো ও রাস্তা রয়েছে তার অবস্থা অত্যন্ত করুণ। খালের উপর প্রায় দু’শ’ ফুট লম্বা নড়বড়ে এই সাঁকো দিয়ে প্রতিদিন গ্রামের প্রায় ৩/৪ হাজার লোক যাতায়াত করে। এই বাঁশের সাঁকোটি বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে পানিতে তলিয়ে যায়। তখন এলাকাবাসীর দুর্ভোগের অন্ত থাকে না। সাঁকোটি পারাপারে বৃদ্ধ, ছাত্র-ছাত্রী ও বোঝা বহনকারীদের অত্যন্ত ঝুঁকি নিয়ে চলতে হয়। সমাজসেবী আনোয়ার হোসেন মোল্লা জানান, প্রতিবছর গ্রামের লোক চাঁদা তুলে সাঁকোটি মেরামত করে থাকে।
তাছাড়া এই গ্রামে যোগাযোগের একমাত্র রাস্তা দেওয়ানপাড়া হতে বাগবাড়ি গোরস্থান পর্যন্ত রাস্তাটির অবস্থাও অত্যন্ত করুণ। এলজিইডি বিভাগের ১৬ ফুট প্রশস্ত ও এক কিলোমিটার দীর্ঘ এইচবিবি রাস্তাটি নির্মাণের পর থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে প্রায় তিন বছর যাবত্। এলজিইডির সঠিক মাপ অনুযায়ী রাস্তাটি নির্মাণ না করায় বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে রাস্তাটি পানিতে তলিয়ে যায়।