কানসাটে ভস্মীভূত বিদ্যুত্ কেন্দ্রের মেরামত শুরু

২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের সন্ত্রাসী তাণ্ডবে কানসাটে ভস্মীভূত পল্লী বিদ্যুতের সংস্কার শুরু হলেও কতদিন পর বিদ্যুত্ চালু হবে তা এখনো অনিশ্চিত। পল্লী বিদ্যুতের এজিএম মোহা. হাসান শাহজাম্মান জানান, ৭ মার্চ থেকে আমরা বিদ্যুতত্ সংস্কারের কাজ শুরু করেছি। অবিরাম কাজ চলছে। তবে কবে নাগাদ বিদ্যুত্ চালু করতে পারবো তা বলতে পারবো না। কারণ সংস্কারের কাজ দুই বছর ধরে চলবে। বিদ্যুত্ চালু করার জন্য সরঞ্জামাদি ঢাকা, চিটাগাং, নওগাঁ, দিনাজপুরসহ বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে আনতে হচ্ছে। ট্রাকগুলো আবার হরতালের কারণে বিভিন্ন স্থানে আটকে পড়ে আছে। হরতালকারীরা বিদ্যুতের গাড়ি বলে কোন ছাড় দিচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহমদ দৈনিক ইত্তেফাককে জানান, কবে নাগাদ বিদ্যুত্ চালু হবে তা আমাকে এখনো জানানো হয়নি। তবে আশাকরি দ্রুত বিদ্যুত্ সংযোগ দেয়া হবে।