মুন্সিগঞ্জ ও শরিয়তপুরে কৃষি বাজেট
বিশেষ কৃষি নিরাপত্তা তহবিল গঠনের দাবি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২০:৫১
আসন্ন জাতীয় বাজেটে বিশেষ কৃষি নিরাপত্তা তহবিল গঠনের দাবি করেছেন কৃষক। চ্যানেল আই-এর কৃষি কার্যক্রম হূদয়ে মাটি ও মানুষের উদ্যোগে তৃণমূল পর্যায়ে কৃষকদের সঙ্গে চলছে প্রাক-বাজেট আলোচনায় মুন্সিগঞ্জ ও শরিয়তপুরের হাজার হাজার কৃষক এই দাবি জানান। মুন্সিগঞ্জের টংগীবাড়ি উপজেলার হাসাইল বানারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শরিয়তপুরের জাজিরা উপজেলার কাজীহাট আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক পৃথক এই আলোচনায় উপস্থিত ছিলেন যথাক্রমে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের পরিচালনায় বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের টংগীবাড়ি উপজেলার হাসাইল বানারি চরাঞ্চলে ও শুক্রবার রাতে শরিয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাটে ওই প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আসন্ন জাতীয় বাজেটে চরাঞ্চলের উন্নয়নে বিশেষ দৃষ্টিপাতের আশ্বাস দিয়ে বলেছেন, চরের কৃষকদের ভূমির মালিকানা, ফসলের বৈচিত্র্য সৃষ্টিসহ সার্বিক উন্নয়নে বিশেষ বরাদ্দ দেয়ার ব্যাপারে সরকার বিশেষভাবে বিবেচনা করবে। শুক্রবার শরিয়তপুরে খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার দেশের খাদ্যের মজুত বৃদ্ধি করেছে।