সেন্টমার্টিনে উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় মামলা
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২০:৫২
সেন্টমার্টিনে পরিবেশ অধিদপ্তরের উচচ পর্যায়ের টিমের উপস্থিতিতে উচ্ছেদ অভিযানে বাধা দেয়ার ঘটনায় বর্তমান ও সাবেক ইউপি সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অধিদপ্তর। শনিবার টেকনাফ মডেল থানায় পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে এ মামলা দায়ের করেন।
এতে সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার নূর আহমদ ও বর্তমান মেম্বার আব্দুর রউফ ও তার ভাই হোটেল ইনচার্জ আবু বক্করসহ ৭ জনকে আসামি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের অভিযোগ গত ২৪ মার্চ রবিবার সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়াতে অবৈধ নির্মাণাধীন হোটেল স্বপ্ন বিলাসে পরিবেশ অধিদপ্তর উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এতে পরিচালকের উপস্থিতিতে আব্দু শুক্কুর নামক পরিবেশ গার্ডের ওপর হামলা এবং সরকারি উচ্ছেদ কাজে বাধা সৃষ্টি করে কিছু লোকজন।
যার ফলে পরিবেশ অধিদপ্তর অভিযান বন্ধ করে চলে আসে। এর ফলে দুই শতাধিক কুকুর নিধনের মাথায় দ্বীপে প্রায় আড়াই হাজার বেওয়ারিশ কুকুর রেখে নিধন কার্যক্রম নিরাপত্তার অভাবে বন্ধ রেখে চলে আসতে হয় বলে সংশ্লিষ্ট কর্মকতারা জানান ।