বাগমারায় সম্পত্তির লোভে ভাই হত্যার অভিযোগ
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২০:৫৩
সম্পত্তির লোভে বড় ভাই, ভাতিজা ও জামাই মিলে ছোট্ট ভাই রহমত আলী ওরফে ঈদুল (৩০)কে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাফিয়া খাতুন বাদি হয়ে বড় ভাই আব্দুল মতিন, ভাতিজা ও জামাইসহ ৫ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ব্যক্তি নামে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলাটি হত্যা হিসাবে গ্রহণ না করে অপমৃত্যু মামলা দায়ের করেছে। জানা গেছে, গত দুই বছর পূর্বে উপজেলার বালানগর গ্রামের আব্দুল আজিজের কন্যা সাফিয়া খাতুন সাফির সাথে একই উপজেলার মহব্বতপুর গ্রামের রহমত আলী ওরফে ঈদুলের বিবাহ হয়। বিয়ের পর সাফিয়া জানতে পারে তার শাশুড়ী সাহারবান তোহুরা বেওয়ার নিজের কিছু সম্পত্তি স্বামী ঈদুলকে রেজিষ্ট্রি করে দিয়েছেন। জমি রেজিষ্ট্রির পর থেকে ঈদুলের বড় ভাই আব্দুল মতিন, শহিদুল ইসলাম ধানো, আয়ুব আলী, ভাতিজা মোসাব্বের হোসেন ও জামাই আরিফুল ইসলাম মায়ের জমি ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। ঈদুল জমি ফেরত না দিলে সবাই তাকে খুন করার জন্য হুমকি দিচ্ছিল বলে স্ত্রী সাফিয়া খাতুন এজাহারে উল্লেখ করেন। গত ৩ এপ্রিল সাফিয়া খাতুন তার বাবার বাড়ি বালানগরে আসার একদিন পর সাফিয়ার বাবা আব্দুল আজিজের কাছে ফোন করেন ঈদুল। এসময় মোবাইল ফোনে তিনি তাকে উদ্ধার করার জন্য স্ত্রী সাফিয়া খাতুনের কাছে বার বার আবেদন করেন। স্ত্রী সাফিয়া খাতুন তার সমস্যা জানতে চাইলে কে বা কাহারা মোবাইল ফোনটি কেড়ে নেয়। তিনি বার বার স্বামী ঈদুলের ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কেউ তার ফোনটি রিসিভ করেনি। তিনি প্রতিবেশী আজাদের কাছে ফোন করে জানতে পারেন, তার স্বামী ঈদুল বিষপানে আত্মহত্যা করেছে।