শিবচরে প্রেমের ফাঁদে ফেলে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, রক্তক্ষরণে মৃত্যু

শিবচরে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে একটি আবাসিক হোটেলে নিয়ে একাধিক বার ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরেণ ইন্নি আক্তার (১৩) নামে নবম শ্রেণির ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত রবিবার রাতে ৭১ উত্সব চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩০৫ নম্বর কক্ষ থেকে ইন্নির লাশ উদ্ধার করা হয়।

রবিবার রাতেই ধর্ষক রুবেল খানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। রুবেল শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের মুন্নচরকান্দি এলাকার মৃত তোতা খানের ছেলে। এ ঘটনায় হোটলের ব্যবস্থাপক মো. খায়রুল ও হোটেলের কর্মী রোনাল্ডকেও আটক করা হয়েছে। ইন্নি শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের মুন্সিকান্দি এলাকার মৃত ইলিয়াস মৃধার মেয়ে। সে শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার মা শিবচর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মচারী। শিবচর পৌরসভার স্বাস্থ্য কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় ইন্নি তার মায়ের সঙ্গে বসবাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে রবিবার বেলা ১টার দিকে ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেয় ইন্নি ও রুবেল। পরে ইন্নিকে যৌন উত্তেজক ওষুধ খাইয়ে একাধিকবার ধর্ষণ করে রুবেল। রাতে ওই হোটেলের এক কর্মচারী ইন্নির মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। হোটেলের সিসিটিভির ফুটেজ দেখে রুবেলকে আটক করা হয়।

বাগেরহাটে ধর্ষণের পর হত্যা করে চরে

পুঁতে রাখা শিশুর লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে ধর্ষণের পর হত্যা করে খালের চরে পুঁতে রাখা লামিয়া (৭) নামে প্রথম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী গ্রামের দিঘিরজানে এ ঘটনা ঘটে। ধর্ষণ ও হত্যায় জড়িত মিনহাজুল ইসলাম শোয়েব (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। লামিয়া কোন্ডলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।