বায়েজিদের ফুটপাত অবৈধ দখলে

বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সাটাইল গেইট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত সড়কের ফুটপাতগুলোতে চলছে অবৈধ হকারদের রামরাজত্ব। এখানকার ফুটপাতগুলোকে ঘিরে চাঁদাবাজি, ছিনতাই, বখাটেপনাসহ নানা অভিযোগ দীর্ঘদিনের। প্রভাবশালীদের প্রশ্রয় দখলদার চক্রটি একের পর এক দখল করে নিচ্ছে রাস্তা, নালা ও ফুটপাত। এতে করে সামান্য বৃষ্টিতে এখানে দেখা দেয় জলাবদ্ধতা। টেক্সটাইল গেইট, শেরশাহ, বায়েজিদ বোস্তামী (র.)-এর দরগাহ গেইট থেকে সেনানিবাসের প্রবেশমুখ হয়ে স্টারশিপ ব্রিজের গোড়াসহ অক্সিজেন মোড় সড়কের দু’পাশের ফুটপাত ও নালার ওপর বাঁশ-বেড়া দিয়ে অবৈধভাবে দোকান নির্মাণ করে অবৈধ, লাইসেন্সবিহীন, ঝুঁকিপূর্ণ খোলা পেট্রল-অকটেনের দোকান, ভাঙ্গাড়ির দোকান, মৌসুমি ফলের দোকান, চায়ের দোকান, রাস্তার ওপর টেম্পো-রিকশার গ্যারেজ, ভাসমান হকার, ভ্যানগাড়িতে চা বিক্রির দোকান এমনকি জুতা-স্যান্ডেলের পসরা সাজিয়ে অসাধু ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রকাশ্যে বিনা বাধায়। ফলে জনসাধারণ পথ চলতে প্রতিনিয়ত দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। অবৈধ খোলা পেট্রল-অকটেন বিক্রেতারা বহাল তবিয়তে চোরাই তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত ৮ ডিসেম্বর শেরশাহ কলোনির কাছে ফুটপাতের একটি খোলা পেট্রল-অকটেনের দোকানে জলন্ত সিগারেট থেকে আগুন লেগে তেলের দোকানসহ পাশের আরো দুটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। রাস্তা ও ফুটপাতের ওপর টেম্পো-রিকশার মেরামত কাজ ও ভাঙ্গাড়ি দোকানির মালামাল এবং তেলের ড্রাম ফেলে রাখার কারণে পথচারীরা ফুটপাত ছেড়ে রাস্তার ওপর দিয়ে পথ চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছে। তাই জরুরিভিত্তিতে টেক্সটাইল গেইট থেকে অক্সিজেন সড়কের ফুটপাত দখলমুক্ত ও অবৈধ খোলা পেট্রল-অকটেনের দোকান উচ্ছেদ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি। মো. এনামুল হক লিটন প্রগতিশীল সংবাদপত্র পাঠক-লেখক ফোরাম, চট্টগ্রাম