কাপ্তাই লেক থেকে চুয়েট ছাত্রের মৃতদেহ উদ্ধার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২২:১২
রাঙ্গামাটিতে ঘুরতে এসে কেয়ারি কর্ণফুলী নামক টুরিষ্ট লঞ্চ থেকে রহস্যজনকভাবে পড়ে গিয়ে দীর্ঘ দুইদিন কাপ্তাই হূদের পানির নীচে নিখোঁজ থাকার পর গতকাল রোববার বেলা সাড়ে ১১টার সময় সুবলং সংলগ্ন কাপ্তাই হূদ থেকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র জোবায়ের হোসেনের লাশ উদ্ধার করেছে নৌবাহিনীর ডুবুরি দল। পরে তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে আনা হলে সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
গত ৫ এপ্রিল শুক্রবার বেড়াতে এসে সুবলংয়ে কাপ্তাই লেকের পানিতে পড়ে যান চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট)র জোবায়ের হোসেন জেকি (২৫)। তিনি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার মহিমাগঞ্জে। তার পিতার নাম মো. জলিলুর রহমান। চার ভাইবোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন জোবায়ের।
রাঙ্গামাটি কেয়ারি কর্ণফুলী লঞ্চের ম্যানেজার সালাম জানান, গত ৫ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম থেকে ৯২ জনের একটি দল পিকনিকের উদ্দেশ্যে রাঙ্গামাটিতে এসে কেয়ারি কর্ণফুলী লঞ্চটি ভাড়া নেয় কাপ্তাই লেকে ঘুরতে। লঞ্চটি সুবলংয়ের কাপ্তাই লেকে পৌঁছলে লঞ্চের পেছনের দিক থেকে হঠাত্ করে পানিতে পড়ে সাঁতার না জানা জোবায়ের মুহূর্তেই পানিতে তলিয়ে যান।