আজ হেফাজতের কাল ও পরশু ১৮ দলের হরতাল
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৪৭
আজ সোমবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ৪৮ ঘন্টার হরতাল। হেফাজতে ইসলাম আজ সকাল-সন্ধ্যা এবং বিএনপিসহ ১৮ দল মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার হরতাল ডেকেছে।
গত শনিবার হেফাজতে ইসলাম রাজধানীর শাপলা চত্বরে লংমার্চ পরবর্তী মহাসমাবেশ থেকে ১৩ দফা দাবিসহ লংমার্চ কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগে এ হরতালের ডাক দেয়। অপরদিকে গতকাল রবিবার নিম্ন আদালতে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের জামিন আবেদন বাতিল করায় বিকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বিএনপির আটক নেতা-কর্মীদের মুক্তি ও তাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবি এবং গণহত্যার প্রতিবাদে আমরা হরতাল কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
এদিকে হেফাজতে ইসলামের আজকের সকাল-সন্ধ্যা হরতালে সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল রবিবার এক বিবৃতিতে ১৮ দলীয় জোটের ৯ ও ১০ এপ্রিল ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।