হরতাল ঘোষণার পরেই রাজধানীতে বাসে আগুন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৪৭
বিএনপির হরতাল আহ্বানের পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। গাড়ি পোড়ানো ও সংঘর্ষের মামলায় মওদুদ আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাকে রবিবার দুপুরের পর কারাগারে পাঠায় আদালত। এরপর বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মঙ্গল ও বুধবার টানা ৩৬ ঘন্টা হরতালের ঘোষণা দেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। হরতালের ঘোষণার কয়েক মিনিটের মধ্যে বিকাল ৫টায় বিএনপির কার্যালয়ের এক কিলোমিটারের মধ্যে দু’টি গাড়িতে আগুন দেয়া হয়। সব মিলিয়ে সন্ধ্যা পর্যন্ত ৫টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। যদিও বিএনপির দুই দিনের হরতালের আগে আজ সোমবার হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতাল রয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন ইত্তেফাককে বলেন, প্রায় একই সময় কাকরাইলে একটি বাস এবং রাজারবাগে একটি গাড়িতে আগুনের খবর পেয়ে তারা তা নেভাতে যান। রমনা থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহিদ জানান, কাকরাইলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েক যুবক রংধনু পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এরপর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে একটি স্টাফ বাসে এবং বাসাবো বৌদ্ধ মন্দিরের সামনে একটি বাসে আগুন দেয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এদিকে বিকাল ৫টার দিকে ফকিরাপুল মসজিদের সামনে একটি অটোরিকশায় আগুন দেয়ার চেষ্টা হয়। তবে তা সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মুগদা পেট্টোল পাম্পের পাশে আরেকটি বাসে আগুন দেয়া হয়।