বিভক্তি নয়, এখন ঐক্য দরকার সহিংসতা গ্রহণযোগ্য নয়

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশে এখন বিভক্তি নয়, ঐক্য দরকার। এদেশের মানুষ তাদের ঐকবদ্ধ রাখতেই সকল শক্তি ব্যয় করবেন, বিভক্তির জন্য নয়। জনগণের শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকার রয়েছে, পাশাপাশি অন্যদেরও ভিন্নমত পোষণের অধিকার আছে। গতকাল রবিবার বিকালে রাজধানীর আমেরিকান সেন্টারে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের কমান্ডার ভাইস এডমিরাল স্কট এইচ সুইফটের সফর উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রদূত মজীনা একথা বলেন। আমেরিকান সেন্টারের পরিচালক ভিরাজ লেবেইলি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সপ্তম নৌবহর কমান্ডার এডমিরাল সুইফট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মজীনার বক্তব্যের সঙ্গে একসঙ্গে একমত প্রকাশ করেন। তিনি বলেন, মার্কিন নৌবাহিনী রাজনীতি সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে জড়িত হয় না। আমরা ওয়াশিংটনের নীতি অনুসরণ করি। তবে সংলাপ হচ্ছে গণতন্ত্রের প্রধান পাথেয়। বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন। গণমাধ্যম হলো গণতন্ত্রের প্রধান উপাদান। গণমাধ্যম এই বক্তব্য জনগণের কাছে পৌঁছে দিতে পারে। রাষ্ট্রদূত মজীনা আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় আকর্ষণ হল এটি একটি বহুমতের দেশ। একটি মধ্যপন্থী ও সহিষ্ণু দেশ। তাই বিভক্তির বদলে ঐক্যবদ্ধ জাতিই কাম্য। সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশের মাধ্যম সহিংসতা হতে পারে না। ভাইস এডমিরাল সুইফট তিনদিনের সফরে শনিবার ঢাকা আসেন। গত বছর সেপ্টেম্বরেও তিনি বাংলাদেশ সফর করেন। বাংলাদেশের নৌবাহিনীর সঙ্গে অংশীদারিত্ব প্রসঙ্গে এডমিরাল সুইফট বলেন, নৌবাহিনী একটি পেশাদারী ও মেধাবী প্রতিষ্ঠান। ব্যবস্থাপনা ও মান প্রশংসনীয়। এজন্যই যুক্তরাষ্ট্র বাংলাদেশের নৌবাহিনীর সঙ্গে অংশীদারিত্ব গড়তে আগ্রহী। যাতে নৌবাহিনী বাংলাদেশ সমুদ্র অঞ্চলে চোরাচালানী ও দস্যুতা দমনে দক্ষতা অর্জন করতে পারে। সপ্তম নৌবহর কমান্ডার এক প্রশ্নের জবাবে বলেন, বঙ্গোপসাগর বা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্থায়ী কোন নৌ-ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নেই। তবে ভারতীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌ-ঘাঁটির স্বাভাবিক ও নিয়মিত উপস্থিতি আছে। নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যই এটা প্রয়োজন। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে আস্থা ও ভাল বোঝাপড়া সৃষ্টি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধসহ অন্যান্য কাজে সহযোগিতা বাড়ছে। ইতিমধ্যে ৭০ শতাংশ অপরাধ কমেছে নৌবাহিনী ও কোস্টগার্ডের পদক্ষেপের কারণে।