পতাকা হাতে আজ শহীদ মিনারে যাবেন আন্দোলনকারীরা
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৪৮
সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শুরু হওয়া গণজাগরণ মঞ্চের আন্দোলন গতকাল রবিবার দুই মাস পার করেছে। আজ আন্দোলনের ৬১তম দিনে হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে সারাদেশে পতাকা মিছিল করবে মঞ্চ। হেফাজতে ইসলাম যুদ্ধাপরাধীদের রক্ষায় সহিংসতা সৃষ্টি করতে চাচ্ছে এমন অভিযোগ এনে হরতাল প্রত্যাখ্যান করে পতাকা হাতে নিয়ে হরতাল বিরোধী মিছিল করবে আন্দোলনরতরা।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জানান, দেশের সর্বস্তরের নাগরিককে এ হরতালের প্রতিবাদে আজ সকাল ১১টায় পতাকা মিছিল নিয়ে নিজ নিজ এলাকার শহীদ মিনারে যাওয়ার আহবান জানানো হয়েছে। গত শনিবার রাতে শাহবাগে সমাবেশে ইমরান বলেছিলেন- ‘আমাদের প্রাণের পতাকাকে অপমান করেছে এই হায়েনা গোষ্ঠী। আমরা জাতীয় পতাকা নিয়ে সোমবারের অবৈধ হরতালকে প্রতিরোধ করবোই। দেশের সকল মানুষের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা জাতীয় পতাকা নিয়ে হরতাল বিরোধী মিছিল করে যার যার এলাকার শহীদ মিনারে যাবেন। আমাদের জাতীয় পতাকা, আমাদের প্রাণের মিনার শহীদ মিনারকে আমরাই অক্ষুণ্ন রাখবো, আমরাই তার মর্যাদাকে সুসংহত করবো।’
শনিবার মধ্যরাত পর্যন্ত শাহবাগ স্লোগানে মুখরিত রাখার পর গতকাল বিকালে আবারো শাহবাগে তৈরি স্থায়ী মঞ্চে ফিরেছেন আন্দোলনরতরা। গতকাল বিকাল পাঁচটার দিকে শাহবাগে স্লোগানে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছয় দফার পক্ষে অবস্থান শুরু করেন তারা। হেফাজতের হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে সন্ধ্যা সোয়া সাতটার দিকে তরুণরা শাহবাগে একটি লাঠি মিছিল বের করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা, রূপসী বাংলা হয়ে শাহবাগে মিলিত হয়। রাতেও তারা দাবির পক্ষে স্লোগান দিচ্ছিলেন। আগামীকাল মঙ্গলবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালন করবে গণজাগরণ মঞ্চ। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। ১০ এপ্রিল সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত আইন মন্ত্রণালয়ের সামনে ও ঢাকার বাইরে সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণঅবস্থান এবং ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) বিকাল ৩টায় শাহবাগে মহাসমাবেশের আয়োজন করেছে গণজাগরণ মঞ্চ। প্রসঙ্গত:গত ৫ ফেব্রুয়ারি বিকাল থেকে শাহবাগে এ আন্দোলন শুরু করেন তরুণরা।