মালালাকে ‘জাতিসংঘ কন্যা’ আখ্যায়িত করলেন বান কি মুন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৫০
জাতিসংঘ মহাসচিব বান কি মুন পাকিস্তানি শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাইকে ‘জাতিসংঘ কন্যা’ বলে আখ্যায়িত করেছেন। তিনি মালালাকে আশার প্রতীক বলেও উল্লেখ করেন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য হ্রাসে আর এক হাজার দিন আছে। এ উপলক্ষে মালালার সঙ্গে স্কাইপে আলোচনায় জাতিসংঘ মহাসচিব এ কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে স্কাইপেতে ১৫ বছরের কিশোরী মালালাকে আশার প্রতীক উল্লেখ করে বান কি মুন বলেন, মালালা ‘জাতিসংঘ কন্যা’। নিউইয়র্কে জাতিসংঘের কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে বান কি মুনকে এ মন্তব্য করতে দেখা যায়। মহাসচিব বলেন, জাতিসংঘ সবসময় মালালাকে সহায়তা করবে এবং লোকজনও তাকে পছন্দ করে। পাকিস্তানে গত বছরের ৯ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে মালালাকে লক্ষ্য করে গুলি করে তালেবান জঙ্গিরা। মালালা জাতিসংঘ মহাসচিবকে বলেন, এটা তার জন্য সম্মানের। তার লক্ষ্য খুবই সাধারণ। আর তা হলো পৃথিবীতে সুখ ও শান্তি বয়ে আনা। আর এটা তিনি শিক্ষার মাধ্যমেই আনতে চান। মালালা আরো বলেন, তিনি বিশ্বের নেতা হয়ে সেবা করতে চান।
এরপর জাতিসংঘ মহাসচিব ‘এমডিজি মুহূর্ত:এক হাজার দিনের কর্মপরিকল্পনা’ উদ্বোধন করেন। তিনি ২০০০ সালে নির্ধারিত দারিদ্র্য হ্রাসের লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান জানান।