আপিল বিভাগে বিচারক নিয়োগকে তামাশায় পরিণত করা হয়েছে
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৫০
জ্যেষ্ঠতা লংঘন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল রবিবার সমিতি ভবনে আয়োজিত সমাবেশে সমিতির সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী বলেন, আপিল বিভাগে বিচারক নিয়োগকে তামাশায় পরিণত করা হয়েছে। হাইকোর্টের ৪০ জন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙ্গিয়ে কয়েকজন কনিষ্ঠ বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগ রিভিউ না করা পর্যন্ত আইনজীবীদের আন্দোলন চলবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, সহ-সম্পাদক রফিকুল আলম তালুকদার রাজা প্রমুখ।
মাহবুব উদ্দিন খোকন বলেন, জ্যেষ্ঠতা লংঘন করে বিচারক নিয়োগ দিয়ে আপিল বিভাগকে কলঙ্কিত করা হয়েছে। এ নিয়োগের প্রতিবাদে আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশ শেষে আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন।