গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ জেনোসাইড কনভেনশনে পড়ে না
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৫১
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল রবিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার ইমরান সিদ্দিক। গতকাল তিনি গোলাম আযমের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধ সংগঠনে উস্কানির অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, গোলাম আযমের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হলেও জেনোসাইড কনভেনশন অনুযায়ী ভিকটিমরা কোনো নির্দিষ্ট জাতি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী বা বর্ণের মধ্যে পড়ে না। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
মুজাহিদের মামলায় তদন্ত
কর্মকর্তাকে জেরা মুলতবি
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আব্দুর রাজ্জাক খানের জেরা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। গতকাল আব্দুর রাজ্জাক খানকে জেরা করেন মুজাহিদের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। জেরার এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে মামলার কার্যক্রম মুলতবি করা হয়। মুজাহিদের মামলায় তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান গত ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিন দিন জবানবন্দি পেশ করেন।