বটিয়াঘাটায় আওয়ামী লীগ বিএনপির একই স্থানে সমাবেশের ডাক
আব্দুল হামিদ, বটিয়াঘাটা (খুলনা)
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৫২
উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের সাদাল বাজারে একই স্থানে আওয়ামীলীগ ও বিএনপি সমাবেশ ডাকায় গতকাল প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এর ফলে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। এতে এলাকার মানুষ হাফ ছেড়ে বাঁচে। কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা ও বটিয়াঘাটা থানার ওসি এনামুল হক ইত্তেফাককে জানান, থানা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ওবায়দুল হকের কর্মকান্ডের বিরুদ্ধে দলীয় সমাবেশ ডাকেন। এক পর্যায়ে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবীতে ওবায়দুল হক একই স্থানে আওয়ামী লীগের ব্যানারে সমাবেশ ডাকেন। উভয় পক্ষ মুখোমুখি সভা মঞ্চ তৈরী করে। পরিস্থিতি বেগতিক দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলা দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাদাল বাজারে ১৪৪ ধারা জারি করেন। ফলে উভয় পক্ষের সমাবেশ বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, কয়েক দিন আগে ইউনিয়ন পরিষদে একটি বৈঠকে ওবায়দুল হক চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ করায় দুই পক্ষের দ্বন্দ্ব দানা বেধে ওঠে। ইসমাইল হোসেন বাবু বলেন, ওবায়দুলের কর্মকান্ড আপত্তিকর হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এলাকাবাসী এই সমাবেশ ডাকে। অপরদিকে ওবায়দুল হক অভিযোগ করেন, বিএনপি নেতা ইসমাইল হোসেন বাবু জামায়াত শিবিরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে চলেছেন। তারই প্রতিবাদে এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশ ডাকেন। থানার ওসি এনামুল হক জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, যে কোনো প্রকার নাশকতা কঠোর হস্তে দমন করা হবে। পরিস্থিতি থানার নিয়ন্ত্রনে রয়েছে বলে তিনি জানান।