ঠাকুরগাঁওয়ে হঠাত্ হরতাল, ভাংচুর বিএনপি নেতাকর্মীদের

ঠাকুরগাঁওয়ে পূর্বঘোষণা ছাড়াই লাগাতার হরতাল শুরু করেছে জেলা বিএনপি। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা কার্যালয়ে দলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর পরপরই বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে রাস্তায় নেমে পিকেটিং শুরু করেন। তারা ৫টি বাস ভাঙচুর করেন। এতে শহরে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। কোনরকম ঘোষণা না দিয়ে এভাবে হঠাত্ হরতাল আহবান করায় অনেকে ক্ষোভও প্রকাশ করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জরুরি সভায় হরতাল পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শীর্ষ নেতাদের মুক্তি না দেয়া পর্যন্ত জেলায় সবকিছু বন্ধ করে দিয়ে হরতাল পালন করা হবে। আজ (রবিবার) বিকাল সাড়ে ৫টা থেকেই অনির্দিষ্টকালের এ হরতাল শুরু হয়েছে বলে তিনি জানান।