পাবনায় অপহূত আওয়ামী লীগ নেতা উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলার নাগদহ গ্রাম থেকে অপহূত আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারকে (৪০) পাঁচ দিন পর গত শনিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। পহেলা এপ্রিল মধ্যরাতে তাকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। অপহূত সাত্তারের বাড়ি উপজেলার চাঁদভা ইউনিয়নের নাগদহ গ্রামে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলার কেরানীর ঢালে একজনকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ওই ব্যক্তি নিজেকে অপহূত আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার বলে পরিচয় দেন। অসুস্থ সাত্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আব্দুস সাত্তার চাঁদভা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।