লালমনিরহাট কারাগারে আকস্মিক হূদরোগে হাজতির মৃত্যু
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৫৩
জেলা কারাগারে ধারণক্ষমতার ৩ গুণেরও বেশি হাজতি রয়েছে। কারাগারে ধারণক্ষমতা ২শ; কিন্তু বন্দী রয়েছে ৬৭৭ জন। গত কয়েকদিনের প্রচণ্ড গরমে দুর্বিষহ জীবন-যাপন করছেন জেলখানায় বন্দীরা। গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বিরোধী দলের ডাকা হরতালে ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের প্রায় ৩শ নেতাকর্মী লালমনিরহাট জেলা কারাগারে আটক রয়েছেন। কারাগারে হাজতি ও কয়েদির সংখ্যা ধারণক্ষমতার ৩ গুণেরও বেশি হওয়ায় গাদাগাদি করে তাদেরকে রাখা হয়েছে। ইতিমধ্যে ভ্যাপসা গরমে অনেকের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। প্রচণ্ড গরমে রবিবার সকাল সাড়ে ১১টায় শুকুর আলী (৩৬) নামে এক হাজতি অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ তাকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে ঘণ্টাখানেক পরই শুকুর আলীর মৃত্যু ঘটে। জেলার শফিক আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হার্ট অ্যাটাকে হাজতি শুকুরের মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্ত না করে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সম্প্রতি চুরির মামলায় গ্রেফতার হয়ে পাটগ্রাম উপজেলার ঘোনাবাড়ী কদুর বাজার গ্রামের মৃত মেহের আলীর পুত্র শুকুর আলী কারাবন্দী ছিলেন।