দ্বৈত তিশা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ১৯:০৬
চরিত্রের বিন্যাসে সকল অভিনেত্রীই বৈচিত্র্য খোঁজেন। দীর্ঘদিন ধরে ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী এবারই প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করলেন। ইসরাফিল বাবুর রচনায় ‘কিছুটা গল্পের মতো’ শিরোনামের টেলিফিল্মে নমিতা ও তিথি চরিত্রে দেখা যাবে তিশাকে। টেলিফিল্মটি পরিচালনা করেছেন রেজোয়ান আলম হীরা। গল্পে দেখা যায় ফটোগ্রাফার শিশির ও নমিতা প্রেমিক-প্রেমিকা। প্রেমিক-প্রেমিকা হলেও তাদের সম্পর্কটা একটু অন্যরকম। কখনও তুই কখনও তুমি এইভাবেই এগিয়ে যায় তাদের সম্বোধন। শিশির ফটোগ্রাফার হলেও তার মাথায় বিরাজ করছে সিনেমা বানানোর পোকা। এর মধ্যে সিনেমার গল্পটাও রেডি করে ফেলেছে শিশির। নমিতা শিশিরের সিনেমার গল্পটা শুনতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গল্পটা আর শোনা হলো না নমিতার। তার আগেই ব্রেন টিউমারে মারা যায় নমিতা। নমিতা মারা যাওয়ার পর শিশিরের সিনেমা বানানোর স্বপ্নটাও মারা যায়। এভাবেই এগিয়ে যায় ‘কিছুটা গল্পের মতো’ টেলিফিল্মের গল্পটি। টেলিফিল্মটি সম্পের্কে তিশা বলেন, ‘অসাধারণ একটি গল্প। নির্মাতা খুবই যত্ন সহকারে নির্মাণ করেছেন। কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী।’ তিশাসহ আরও অভিনয়শিল্পীরা হলেন—আরফান নিশো, তানাজ রিয়া, বাবু, মতিউল আলমসহ আরও অনেকে।