সাভারে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

ইত্তেফাক রিপোর্ট

সাভারে সংখ্যালঘু এক বৃদ্ধ ব্যবসায়ীর সম্পত্তি দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ী রবীন্দ্রনাথ সরকারের অভিযোগ অনুযায়ী তার সম্পত্তি দখলের  চেষ্টা চালাচ্ছে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার পিতা আ. খালেক ও তার সহযোগীরা। এ চক্রটি বিভিন্নভাবে ওই ব্যবসায়ীকে হয়রানি করছে ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগে বলা হয়েছে। ব্যবসায়ী রবীন্দ্রনাথ তার জান ও মালের নিরাপত্তা চেয়ে সাভার থানায় সাধারণ ডায়েরি করেছেন।

রবীন্দ্রনাথ জানান, ১৯৮৯ সালে তিনি বাজার বাসস্ট্যান্ড এলাকার ছোট বলিমেহের মৌজার এসএ নং-৯১ আরএস-৩৬ খতিয়ানে আরএস ১৪নং দাগে তিনটি দলিল মূলে মোট ৩২ শতাংশ জমি মোস্তফা মহসিন মন্টু নামে এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেন। পরবর্তীতে তিনি ওই সম্পত্তির উপর ভবন নির্মাণ করে বসবাস শুরু করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী রানা প্লাজার মালিক আ. খালেক ওরফে কুলু খালেকের নজর পড়ে তার সম্পত্তির উপর। তিনি অভিযোগ করেন, তার কিছু জায়গা জবর দখল করে রানা প্লাজা নির্মাণ করা হয়।  সে সময়ে তিনি বিভিন্ন স্তরে এ ব্যাপারে অভিযোগও করেন। রানা প্লাজা ভবন ধসের সময় তার (ব্যবসায়ী রবীন্দ্রনাথের) তিনতলা ভবনটিও ভেঙে যায় এবং বাড়ির নারীকর্মীসহ চারজন নিহত হন। এ ঘটনার পর তিনি শারীরিক ও মানসিকভাবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে সম্প্রতি তার জায়গায় পুনরায় স্থাপনা নির্মাণ করতে গেলে আ. খালেক ও তার সহযোগী আমিরুল হাসান কামাল, বৈদ্যনাথ সাহাসহ কয়েকজন তাকে নির্মাণ কাজে বাধা প্রদান করে। বর্তমানে ওই চক্রটি বৃদ্ধ ব্যবসায়ীর সম্পত্তি দখলের লক্ষ্যে বিভিন্নভাবে তাকে হয়রানি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এমতাবস্থায় তিনি তার জানমালের নিরাপত্তার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।