রফতানি প্রবৃদ্ধি বাড়লেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা

চলতি ২০১২-১৩ অর্থ বছরের প্রথম আট মাসের (জুলাই- ফেব্রুয়ারি) রফতানি তথ্য দেখে অনেকেই মন্তব্য করেছিলেন রফতানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হতে যাচ্ছে; কিন্তু গত মার্চ মাস শেষের তথ্যে রফতানিকারকদের সে আশা ভঙ্গ করেছে। রফতানি তথ্যে দেখা গেছে, গত অর্থ বছরের একই সময়ের তুলনায় রফতানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণের দিক থেকে আবারো পিছিয়ে পড়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মার্চ মাস শেষের রফতানি পরিসংখ্যানে এসব তথ্য পাওয়া গেছে। ইপিবির তথ্যমতে, অর্থ বছরের প্রথম নয় মাসে এক হাজার ৯৭০ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার পরিমাণের পণ্য রফতানি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১৬ শতাংশ বেশি। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির নেয়া লক্ষ্যমাত্রার চেয়ে মাত্র দুই দশমিক ৪০ শতাংশ কম। এদিকে একক মাস হিসেবে গত মার্চ মাসে আগের বছরের একই মাসের তুলনায় রফতানি বেড়েছে ১৬ দশমিক ২০ শতাংশ। তবে নির্দিষ্ট লক্ষ্যমাত্রার চেয়ে ছয় দশমিক ২৯ শতাংশ কম রফতানি হয়েছে। গত মার্চে ২৪৫ কোটি ৮০ লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি হয়েছে ২৩০ কোটি ৩৪ লাখ ডলারের পণ্য। গত অর্থ বছরের একই সময়ে রফতানি হয়েছিল ১৯৮ কোটি ২২ লাখ ডলারের পণ্য।