কোরিয়া সঙ্কটে চীনের
হুঁশিয়ারি, শান্ত থাকার
আহ্বান ব্রিটেনের
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২০:৩৮
কোরিয়া উপদ্বীপে উত্তেজনার নিন্দা জানিয়ে চীন রবিবার উত্তর কোরিয়াকে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা পিছানোর পর কোনো দেশকেই ওই অঞ্চলে গোলযোগ সৃষ্টি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে চীন। চীন তার ঘরের দোরগোড়ায় উত্তর কোরিয়াকে ‘গোলযোগ সৃষ্টি’ না করার হুঁশিয়ারি দিয়েছে।
চীনা নেতা শি জিনপিং উত্তর কোরিয়ার নাম সরাসরি উচ্চারণ না করলেও সতর্ক করে দিয়ে বলেছেন, স্বার্থ সিদ্ধির জন্য কোনো দেশকেই ওই অঞ্চল এমনকি গোটা বিশ্বকে গোলযোগের মুখে ঠেলে দিতে দেয়া হবে না।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
উত্তর কোরিয়ার উস্কানিমূলক কথাবার্তা এবং কর্মকান্ডে হতাশা প্রকাশ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বার্তায় বলেছেন, “আমরা ওই অঞ্চলের যে কারো কোনোরকম উস্কানিমূলক কথা ও কাজের বিরোধী। আর চীনের দোরগোড়ায় কোনো গোলোযোগ সৃষ্টিও আমরা বরদাশত করব না।” ওদিকে, বি টিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ উত্তর কোরিয়া সঙ্কটে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
বিবিসিকে হেগ বলেন, “উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠীর ভুল পদক্ষেপ যে বিপদ ডেকে আনছে তাতে আমরা উদ্বিগ্ন না হয়ে পারছি না”। এ ভুল কর্মকান্ডের মধ্যদিয়ে উত্তর কোরিয়া শেষ পর্যন্ত একটি ভেঙে পড়া এবং বন্ধুবিহীন রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি সতর্ক করে দেন। তবে হেগ এও বলেন যে, কোরিয়া উপদ্বীপে চরম উত্তেজনার মধ্যেও উত্তর কোরিয়া ‘সর্বাত্মক যুদ্ধের’ লক্ষ্য নিয়ে স্থল বাহিনীকে নতুন অবস্থানে মোতায়েন করছে না। আর তাই যুদ্ধের আভাস আপাতত নেই জানিয়ে সবাইকে শান্ত থাকতে বলেন তিনি। একইসঙ্গে উত্তর কোরিয়ার পরামর্শমত এ মুহূর্তেই কূটনীতিকদেরকে সরিয়ে নেয়ার প্রয়োজন নেই মন্তব্য করে হেগ বলেন, ব্রিটেন তার মিত্রদেশগুলোসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রাখবে।