মনোনয়ন পেলেন মোশাররফ

পাকিস্তানে মে মাসের সাধারণ নির্বাচনে উত্তরাঞ্চলের প্রত্যন্ত চিত্রাল আসনে রবিবার মনোনয়ন পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। কাসুর (জাতীয় পরিষদের ১৩৯ নম্বর আসন) ও করাচি (জাতীয় পরিষদের ২৫০ নম্বর আসন) আসনে মোশাররফের মনোনয়নপত্র প্রত্যাখ্যাত হওয়ার পর চিত্রালে (জাতীয় পরিষদের ৩২ নম্বর আসন) তার মনোনয়নপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর সাধারণ নির্বাচনে অংশ নিতে তালেবানের হুমকি ও গ্রেপ্তারের আশঙ্কা উপেক্ষা করে গত ২৪ মার্চ দেশে ফেরেন সাবেক স্বৈরশাসক জেনারেল মোশাররফ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিন্তু এ সমস্ত মামলায় মোশাররফ এখনো দোষী সাব্যস্ত হননি- এ যুক্তিতে চিত্রালে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। মোশাররফের বিরুদ্ধে বিভিন্ন মামলার মধ্যে রয়েছে ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের ঘটনায় তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থতার মামলা। এছাড়া,বেলুচ আদিবাসী নেতা নবাব আকবর বুগতি হত্যাকাণ্ডসহ কয়েকটি মামলা আছে তার বিরুদ্ধে। এরই মধ্যে মোশাররফ দেশদ্রোহিতা মামলার মুখেও পড়েছেন। তবে সব মামলাকেই ‘ভিত্তিহীন’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছেন মোশাররফ। কিন্তু তার বিরুদ্ধে নানা অভিযোগ ও আপত্তির মুখে গত সপ্তাহে কাসুরে তার মনোনয়নপত্র বাতিল হয়।