ধর্মের নামে নারীকে গৃহবন্দির অপচেষ্টা রুখে দিন

ধর্মের নামে নারীকে গৃহবন্দি করার অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছে নাগরিক সংহতি। গতকাল সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনটি এ দাবি জানায়। নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে এ সময় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আকতারুজ্জামান, চলচ্চিত্র নির্মাতা মশিহউদ্দিন শাকের, সম্মিলিত সামাজিক আন্দোলনের অ্যাডভোকেট তবারক হোসেন, পানি উন্নয়ন বিশেষজ্ঞ প্রকৌশলী ইনামুল হক, অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রাগিব হাসান মুন্না, মুক্তিযোদ্ধা কারী আহমেদ জামান, ভাস্কর রাশা, যুবনেতা সাব্বা আলী খান কষিন্স, স্বাস্থ্যকর্মী জেবুন নেসা, জাতীয় কৃষক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, সমাজকর্মী ইকমা হুসেন, এবিএম আনিসুজ্জামান, জায়েদ ইকবাল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, হেফাজতের ১৩ দফায় বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করার দিকনির্দেশনা রয়েছে। তারা সমাবেশে বলেছে, এই ১৩ দফা মেনে ক্ষমতায় থাকতে হবে এবং ক্ষমতায় যেতে হবে। এখন যারা ক্ষমতায় রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, হেফাজতের দাবিগুলো তারা পর্যালোচনা করছেন। আর যারা ক্ষমতায় যেতে চাচ্ছেন তারা দল বেধে ঐ সমাবেশে গিয়ে দাবির প্রতি সমর্থন জানিয়ে এসেছেন। এর অর্থ দাঁড়ায় দেশের প্রধান দুটি রাজনৈতিক শক্তিরই এই ১৩ দফার প্রতি সমর্থন আছে। সে কারণে মুক্তবুদ্ধির মানুষের প্রতি আমাদের আহবান নীরব থাকার সুযোগ নেই, নিরাপদে থাকারও সম্ভাবনা নেই। তাই প্রত্যেকে যে যার অবস্থান থেকে ‘হেফাজতে অন্ধকার’ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাবেশে আরো বলা হয়, গত কয়েক মাসে গণমাধ্যমে নারীর ওপর সহিংসতার খবর দেখে সমাজের বিবেকবান মানুষ স্তম্ভিত হয়ে পড়েছিল। সম্প্রতি রাজনৈতিক সমর্থন নিয়ে এক শ্রেণির উগ্র ধর্মান্ধ গোষ্ঠী নারীকে গৃহবন্দি করার জন্য যে অপতত্পরতা শুরু করেছে, তাতে আমরা উদ্বিগ্ন। যখন সারা পৃথিবীতে নারীরা প্রগতির চাকা ঘুরছে তখন আমাদের দেশে নারীকে চার দেয়ালে বন্দি করার এই চেষ্টা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সমাবেশ থেকে ধর্মের নামে নারীকে বন্দি করার অপচেষ্টার বিরুদ্ধে রাষ্ট্র-সরকার-সমাজ ও ব্যক্তির সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।