হেফাজতের সমাবেশে লাশ চেয়েছিল বিএনপি জামায়াত : নাসিম
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, হেফাজত ইসলামের মহাসমাবেশকে ব্যবহার করে বিএনপি-জামায়াত বর্তমান গণতান্ত্রিক সরকার পতন ঘটাতে চেয়েছিল। দেশকে অস্থিতিশীল করতে তারা সমাবেশে লাশ চেয়েছিল। কিন্তু সরকারের দূরদর্শীতার কারণেই তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেয়নি। হেফাজতের দাবি প্রসঙ্গে তিনি বলেন, সরকার হেফাজতের দাবিগুলো নিয়ে পর্যালোচনা করছে। এর মধ্যে যে দাবিগুলো অসঙ্গতি বলে দৃশ্যমান হয়েছে সেগুলো মানা সম্ভব নয়।
সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে উপলক্ষে এক প্রস্তুতি সভা শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এসব কথা বলেন।
মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগের গৃহীত কর্মসূচি তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, আগামী ১৭ এপ্রিল সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন করা হবে। এরপর সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল সাড়ে ৭টায় বনানী ও রাজশাহীতে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। সকাল ১১ টায় মুজিবনগর স্মৃতিশোধে শ্রদ্ধা নিবেদন, ১১টা ১৫ মিনিটে গার্ড অব অনার, সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মুজিবনগর দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মাহবুব-উল আলম হানিফ, বিএম মোজাম্মেল, আফম বাহাউদ্দিন নাছিম, ফরিদুন্নাহার লাইলী, এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী প্রমুখ।