রেড ক্রিসেন্ট সোসাইটির জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মগবাজারস্থ জাতীয় সদর দপ্তরের ০.৯৩১২ একর জমি একটি মহল দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে সোসাইটির কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের অভিযোগ, একটি অসাধু মহল ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গত ৭ এপ্রিল সকালে আকস্মিকভাবে এই প্রতিষ্ঠানের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে । এ সময় একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে আরো অভিযোগ করা হয়, ওইদিন পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা রেড ক্রিসেন্ট কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালালে বোর্ড মেম্বার আলহাজ্ব আবুল বাশারসহ প্রায় ১০ জন কর্মকর্তা-কর্মচারী জখম হন। এর মধ্যে ৪ জন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি