বাড্ডায় চাঁদাবাজদের হামলায় ব্যবসায়ী জখম

রাজধানীর বাড্ডায় চাঁদাবাজদের হামলায় জখম হয়েছেন জসিম হাসান ওরফে জসিম (২৫) নামে এক ব্যবসায়ী। উত্তর বাড্ডার পূর্বাঞ্চল সড়কে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। জসিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জসিম জানান, বন্ধু এন্টারপ্রাইজ নামে তার একটি রড সিমেন্টের দোকান রয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তার হাতে কোপ দিয়ে পালিয়ে যায়। বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা জসিমের উপর হামলা চালিয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।